ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মধ্যরাতে গাজীপুর রণক্ষেত্র

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ১৫, ২০২৬, ০৩:৪২ পিএম
ছবি : সংগৃহীত

তিন মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের বোর্ডবাজার এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় ইউনিক ওয়াশ ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বকেয়া থাকা তিন মাসের বেতন পরিশোধের দাবিতে দিনভর আন্দোলনের পরও মালিকপক্ষ বেতন দেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত না নেওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। রাত সাড়ে ১০টার দিকে উত্তেজনা বাড়তে থাকলে একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শনের অভিযোগ পাওয়া যায়।

এদিকে, কারখানার ভেতরে কিছু কর্মকর্তা ও বিদেশি ক্রেতাদের আটকে রাখার অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানায়। তবে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশের দাবি, শ্রমিকদের একটি অংশ ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহার করা হয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ ও থানা পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।