গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে টুঙ্গিপাড়া উপজেলায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে ৩৬ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত টুঙ্গিপাড়া সেনা ক্যাম্পের উদ্যোগে উপজেলার নিলফা বাজার সংলগ্ন মহাসড়কে এ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা অংশ নেন।
চেকপোস্ট চলাকালে মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস ও ট্রাকসহ সব ধরনের যানবাহনে নিবিড় তল্লাশি চালানো হয়। এ সময় ‘ওয়েলকাম এক্সপ্রেস’ নামক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে মো. কাওসার (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩৬ কেজি ৬০০ গ্রাম গাঁজা।
আটক কাওসার পিরোজপুর জেলার পিরোজপুর সদর উপজেলার শংকর পাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের ফজলুল শেখের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, ঢাকার গুলিস্তান এলাকা থেকে গাঁজা বহন করে পিরোজপুর জেলার উদ্দেশে যাচ্ছিল।
পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টুঙ্গিপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
টুঙ্গিপাড়া সেনা ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপালগঞ্জ জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে যৌথ বাহিনীর চেকপোস্ট, টহল ও তল্লাশি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে। মাদকদ্রব্যের চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ তৎপর রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন