ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হামের উপসর্গ নিয়ে মুকসুদপুরে ১০ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৮:৫৬ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

হামের উপসর্গ নিয়ে মুকসুদপুরে ১০ মাসের এক শিশুর মৃত্যুর ঘটনায় গোপালগঞ্জের সিভিল সার্জনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া জেলার সব হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ।

মুকসুদপুর উপজেলার টেংরাখোলা ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামের তুহিন শেখ ও নাজমা বেগম দম্পতির তৃতীয় সন্তান ১০ মাসের তুবা ইসলাম তোহা শুক্রবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

সোমবার (৩০ মার্চ) জেলা সিভিল সার্জন আবু সাঈদ মোহাম্মদ ফারুক গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল এবং সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মকর্তাদের নিয়ে একটি সমন্বয় সভা করেন। সেখানে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

সিভিল সার্জন সাংবাদিকদের বলেন, কমিটির সদস্যরা মঙ্গলবার ওই এলাকায় (মুকসুদপুর) যাবেন। এ বিষয়ে তারা তথ্য সংগ্রহ করবেন। এ ছাড়া সন্দেহভাজন রোগী থাকলে তা চিহ্নিত করে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

চিকিৎসকদের পাশাপাশি মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের জ্বরে আক্রান্তদের পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, এই মুহূর্তে গোপালগঞ্জের কোনো হাসপাতালে হামে আক্রান্ত রোগী ভর্তি নেই। জ্বর নিয়ে কিছু শিশু ভর্তি আছে, তবে তাদের মধ্যে হামের কোনো উপসর্গ পাওয়া যায়নি।

গোপালগঞ্জের হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। হামসহ সব ধরনের রোগের ভ্যাকসিন পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানান তিনি।