ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কাশিয়ানীতে ডাকাতি, অস্ত্রের মুখে লুট নগদ টাকা ও স্বর্ণালংকার

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৩:৫৯ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ প্রায় ১৩ লাখ টাকা ও ৯ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, শনিবার (২৫ এপ্রিল) ভোররাত সাড়ে ৩টার দিকে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের তিলছড়া গ্রামের মো. রফিক হোসেন ভেন্ডারের বাড়িতে অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জনের একটি ডাকাত দল হানা দেয়।

ডাকাতরা প্রথমে বারান্দার গ্রিল কেটে ও দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগীরা জানান, ডাকাতদের মুখ গামছা দিয়ে ঢাকা ছিল। তাদের বয়স আনুমানিক ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে এবং তারা স্থানীয় আঞ্চলিক ভাষায় কথা বলছিল। ঘটনাস্থল ত্যাগের সময় তারা পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেয়।

এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং কোনো লুট হওয়া মালামাল উদ্ধার করা যায়নি।

কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি বলেন, প্রথমে গ্রিল কেটে তারা ঘরে প্রবেশ করে। পরে বাড়ির লোকজন জেগে উঠলে তারা ডাকাতিতে লিপ্ত হয়। নগদ টাকা ও স্বর্ণালংকার ছাড়াও কিছু জমির দলিল নিয়ে গেছে।

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত সংগ্রহ করেছে। এসবের ভিত্তিতে দ্রুতই জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।