ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

২৩ মাস পর যমুনা সার কারখানায় উৎপাদন শুরু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৮:৩৫ এএম
যমুনা সার কারখানা। ছবি- রূপালী বাংলাদেশ

দীর্ঘ ২৩ মাস গ্যাস সংকটে বন্ধ থাকার পর জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানায় পুনরায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গ্যাস সংযোগ পুনর্বহাল করলে প্রয়োজনীয় যন্ত্রাংশ মেরামত ও প্রস্তুতি শেষে মঙ্গলবার (২২ ডিসেম্বর) থেকে অ্যামোনিয়া ও ইউরিয়া উৎপাদন শুরু করে কারখানা কর্তৃপক্ষ।

কারখানা চালু হওয়ায় কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক, সার ডিলার ও স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক ও টেকসই রাখতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কারখানা সূত্রে জানা গেছে, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত যমুনা সার কারখানাটি শুরু থেকেই দৈনিক প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন দানাদার ইউরিয়া উৎপাদন করে আসছিল। স্বাভাবিক উৎপাদনের জন্য কারখানাটিতে প্রতিদিন ৪২ থেকে ৪৩ পিএসআই গ্যাসের প্রয়োজন হয়।

গত বছর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানিতে উৎপাদন অব্যাহত রাখতে বিসিআইসির সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪ সালের ১৫ জানুয়ারি থেকে যমুনা সার কারখানায় গ্যাসের চাপ কমিয়ে দেয় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। পর্যাপ্ত গ্যাসের অভাবে তখন অ্যামোনিয়া ও ইউরিয়া উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

দীর্ঘ প্রায় ২২ মাস বন্ধ থাকার পর গত ২৪ নভেম্বর যমুনা সার কারখানায় পুনরায় গ্যাস সরবরাহ শুরু হয়। এরপর প্রয়োজনীয় যন্ত্রাংশ মেরামত ও কারিগরি প্রস্তুতি শেষে মঙ্গলবার বিকেল থেকে আবার ইউরিয়া উৎপাদন চালু করা হয়।

যমুনা সার কারখানার শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক মোরশেদ আলম তালুকদার বলেন, দীর্ঘদিন কারখানা বন্ধ থাকায় শ্রমিক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছিলেন। উৎপাদন শুরু হওয়ায় সবার মধ্যে আবার প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, গ্যাস সংকটের কারণে ২০২৪ সালের ১৫ জানুয়ারি থেকে কারখানার উৎপাদন বন্ধ ছিল। গত ২৪ নভেম্বর থেকে গ্যাস সরবরাহ পুনরায় শুরু হলে প্রয়োজনীয় মেরামত শেষে ২২ ডিসেম্বর থেকে আবার ইউরিয়া উৎপাদন চালু করা হয়েছে।