ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পেছন থেকে ছুরিকাঘাত, স্কুলছাত্র নিহত

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৮:২৮ এএম
নিহত জিহাদ হাসান। ছবি : রূপালী বাংলাদেশ

জামালপুরে পেছন থেকে ছুরিকাঘাতে জিহাদ হাসান (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। 

বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার গহেরপাড়া মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

নিহত জিহাদ হাসান জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের পশ্চিম গহেরপাড়া গ্রামের মো. ফিরোজ মিয়ার ছেলে। সে নারিকেলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বাদ মাগরিব গহেরপাড়া মসজিদের পাশে জিহাদ তার চাচাতো ভাই ও বন্ধুদের নিয়ে একটি মুড়ি পার্টির আয়োজন করে। পার্টির শেষ পর্যায়ে একই এলাকার কাশেম আলীর ছেলে মুন্নাসহ (২৫) অজ্ঞাত আরও কয়েকজন সেখানে উপস্থিত হয়। এ সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুন্নার সঙ্গে সাঈদ নামে এক কিশোরের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

হাতাহাতির একপর্যায়ে মুন্না হঠাৎ জিহাদকে পেছন থেকে ছুরিকাঘাত করে। এ সময় উপস্থিতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় জিহাদকে উদ্ধার করে। পরে দ্রুত তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহের সুরতহাল প্রক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’