ইঁদুরের কারণে সৃষ্ট বৈদ্যুতিক ত্রুটিতে পাঁচ দিন বন্ধ থাকার পর জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় পুনরায় উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।
কারখানার পাওয়ার প্লান্টে শর্ট সার্কিটজনিত সমস্যার মেরামত শেষে সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর থেকে ইউরিয়া সার উৎপাদন চালু করা হয় বলে নিশ্চিত করেছেন কারখানার জিএম (অপারেশন) মো. ফজলুল হক।
কারখানা সূত্রে জানা যায়, গত বুধবার মধ্যরাতে পাওয়ার প্লান্টে একটি ইঁদুর ঢুকে বৈদ্যুতিক তার কেটে দিলে পুরো কারখানায় ব্ল্যাকআউট সৃষ্টি হয়। এর ফলে ইউরিয়া সার উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। পরে দ্রুত মেরামত কাজ সম্পন্ন করে সোমবার দুপুরে উৎপাদন কার্যক্রম পুনরায় চালু করা হয়।
এ বিষয়ে কারখানার জিএম (অপারেশন) মো. ফজলুল হক বলেন, ইঁদুরের কারণে বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় ঘটে এবং উৎপাদন বন্ধ হয়ে যায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত মেরামত কাজ সম্পন্ন করায় আবার উৎপাদন শুরু করা সম্ভব হয়েছে।
-20260209171614.webp)

