ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জামালপুরে মাদক মামলায় দুই আসামির কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৫:৩০ পিএম
আসামি সুজন ও শফিকুল ইসলাম। ছবি : রূপালী বাংলাদেশ

জামালপুর সদর থানায় দায়ের করা মাদক মামলায় দুই আসামিকে পৃথক মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বুধবার (৪ মার্চ)  জামালপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল হক প্রকাশ্য আদালতে এ রায় ঘোষণা করেন। 

রায়ে জামালপুর পৌর শহরের বেলটিয়া ফকির বাড়ি এলাকার সুরুজ উদ্দিনের ছেলে সুজনকে ৪ বছরের ও জঙ্গলপাড়া এলাকার জমশের আলীর ছেলে শফিকুল ইসলামকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের দুজনকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জামালপুর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে আসামি সুজনের নিকট থেকে ০৪ গ্রাম হেরোইন এবং আসামি মো. শফিকুল ইসলামের নিকট থেকে ০৩ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ ঘটনায় ২০২১ সালের ১২ জুন জামালপুর সদর থানার একটি মাদক মামলা দায়ের করা হয়। যা পরবর্তীতে জি.আর. মামলা হিসেবে নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলাটির দীর্ঘ শুনানি ও ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত দুই আসামিকে কারাদণ্ড প্রদান করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মো. সুলতান মাহমুদ এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী মুক্তার উদ্দিন ও মোহাম্মদ নজরুল ইসলাম।