জামালপুরের দেওয়ানগঞ্জে অবৈধভাবে মজুতের উদ্দেশ্যে জ্বালানি তেল বহন করার অভিযোগে সাব্বির হোসেন (২১) নামে এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই যুবকের বহন করা ১২০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) উপজেলার কাঠারবিল ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
দণ্ডপ্রাপ্ত সাব্বির হোসেন কাঠারবিল এলাকার বাদশা আলীর ছেলে।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার সকালে কাঠারবিল ফিলিং স্টেশন থেকে ১২০ লিটার ডিজেল কন্টেইনারে ভরে নিয়ে যাচ্ছিলেন ওই যুবক। এ সময় জ্বালানি তেল সংগ্রহ করতে আসা অনেকেই বিতরণে অনিয়মের অভিযোগ তুলেন। এ নিয়ে ফিলিং স্টেশন এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় অভিযুক্ত ওই যুবককে ১২০ লিটার ডিজেলসহ আটক করে পুলিশ।
পরে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত সাব্বির হোসেনকে অবৈধভাবে ডিজেল বহনের অপরাধে সাত দিনের কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, পেট্রোল পাম্প থেকে অবৈধভাবে অতিরিক্ত ডিজেল বহন করার অপরাধে ওই যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ১২০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। অবৈধ মজুদ রোধে এই অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন