জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নিপু (৩৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৮ জুন) ভোরে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বড়বাড়ীয়া গামার বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নিপু বড়বাড়ীয়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা এবং উসমান আলীর ছেলে।
স্থানীয়দের দাবি, নেশার অর্থ জোগাড়ের উদ্দেশ্যে গভীর রাতে তিনি সেচ পাম্পের বিদ্যুতের তার চুরি করতে যান। ওই এলাকায় মজিবর রহমানসহ কয়েকজনের সেচ পাম্পের জন্য টানানো সার্ভিস লাইনের তার কাটার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সকালে পথচারীরা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত সরিষাবাড়ী থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের তার চুরি করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন