জামালপুরের বকশীগঞ্জে বন্যহাতির আক্রমণে জয়নাল আবেদীন (৬৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ের সোমনাথ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদীন স্থানীয় মির্ধাপাড়া এলাকার মৃত রমিজ মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ২৬ জুন শুক্রবার সকালে পাহাড়ে লাকড়ি সংগ্রহের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন জয়নাল আবেদীন। সন্ধ্যা পেরিয়ে রাত হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
২৭ জুন শনিবার সকালে পুনরায় স্বজন ও স্থানীয় বাসিন্দারা পাহাড়ে তল্লাশি চালান। একপর্যায়ে সোমনাথ পাড়া এলাকার জঙ্গল থেকে তার থেঁতলানো মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে, রাতে বন্যহাতির দল তাকে আক্রমণ করে।
ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভারত থেকে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করা বন্যহাতির আক্রমণে জয়নাল আবেদীনের মৃত্যু হয়েছে। সীমান্ত এলাকার বাসিন্দারা প্রায়ই এমন হাতি আতঙ্কে থাকেন।
বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

