ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল এক কিশোর

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ১১:০৬ পিএম
ফেরত আসা যুবক শামিম হোসেন মাঝখানে। ছবি- রূপালী বাংলাদেশ

ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে শামিম হোসেন (১৬) নামে এক কিশোর।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ওই কিশোরকে হস্তান্তর করে। 

এ তথ্য জানান বেনাপোল ইমিগ্রেশন থানার ওসি সাখাওয়াত হোসেন। ফেরত আসা শামিম হোসেন জামালপুর জেলার ইন্তাজ আলীর ছেলে।

ফেরত আসা শামিম হোসেন বলেন, ‘২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি দালালদের মাধ্যমে রাতের আঁধারে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যান। পরে ভারতের জম্মু ও কাশ্মীর এলাকায় অবস্থানকালে ২০২৪ সালের ৩ এপ্রিল পুলিশ তাকে আটক করে। এরপর তাকে কাশ্মীর বয়েজ শেল্টার হোমে রাখা হয়। সেখানে প্রায় ২০ মাস থাকার পর তাকে দেশে ফেরত পাঠানো হয়।’

ওসি সাখাওয়াত হোসেন বলেন, ‘ফেরত আসা কিশোরকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য মানবাধিকার সংগঠন রাইটস যশোর তার দায়িত্ব গ্রহণ করবে।’

রাইটস যশোরের এরিয়া কো-অর্ডিনেটর সফিকুর রহমান বলেন, ফেরত আসা কিশোরকে পোর্ট থানা থেকে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া হবে।