ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েছেন যশোর জেলার প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি টিম শিক্ষা অফিসারকে তার নিজ কার্যালয় থেকে ঘুষের টাকাসহ আটক করে। পরে তাকে দুদক কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা অফিসারকে।
যশোর দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন, প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ রয়েছে দীর্ঘদিনের। তথ্যানুযায়ী আজ বুধবার বিকেলে দুদকের একটি টিম শিক্ষা অফিসে অভিযান চালায়। পরে সেখান থেকে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ আশরাফুল আলমকে আটক করা হয়।
এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান দুদক কর্মকর্তা। এই মামলায় আশরাফুল আলমকে গ্রেপ্তার দেখানো হবে।
উল্লেখ্য, শিক্ষা অফিসের অবসরপ্রাপ্ত এক কর্মচারীর পেনশনের টাকা উত্তোলনের বিষয়ে এ ঘুষ লেনদেন করা হয়েছিল বলে জানিয়েছে দুদক।


