ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জীবনের নিরাপত্তা চেয়ে সাবেক স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

যশোর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৪:০৩ পিএম
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জেরিন সুলতানা। ছবি- রূপালী বাংলাদেশ

যশোরে সাবেক স্বামীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, মানহানিকর বক্তব্য ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জেরিন সুলতানা।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে যশোর প্রেস ক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি জীবনের নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে জেরিন সুলতানা বলেন, তিনি মাগুরার শালিখা উপজেলার বামনখালী গ্রামের বাসিন্দা। বর্তমানে যশোর সদর উপজেলার নওদাগ্রামে বসবাস করছেন। ২০০৯ সালের ১৪ অক্টোবর যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের হাউলী গ্রামের মৃত জুড়ান বিশ্বাসের ছেলে জহিরুল ইসলামের সঙ্গে ৬০ হাজার টাকা দেনমোহরে তার বিবাহ হয়। দাম্পত্য জীবনে তাদের একটি ১৬ বছর বয়সি পুত্র সন্তান রয়েছে। পারিবারিক কলহের জেরে ২০২৩ সালের ১ অক্টোবর আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

বিবাহ বিচ্ছেদের পর জীবিকার তাগিদে তিনি পাইকারি ও খুচরা থ্রি-পিস, শাড়ি ও বিভিন্ন বস্ত্রের ব্যবসা শুরু করেন। এরপর থেকেই তার সাবেক স্বামী জহিরুল ইসলাম বিভিন্ন সময় মোবাইল ফোনে এবং সরাসরি তার বাসায় এসে গুম, খুন ও গুরুতর জখম করার হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, হাউলী গ্রামে চলমান একটি জমি-সংক্রান্ত বিরোধের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও গত ২৬ ডিসেম্বর ২০২৫ বিকেলে আলী কদর, জিয়া রহমান ও তার সাবেক স্বামী জহিরুল ইসলাম মিলে একটি তথাকথিত সংবাদ সম্মেলনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর বক্তব্য দেন।

সংবাদ সম্মেলনে তাকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয় এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশন চ্যানেলে প্রচার করা হয়। সেখানে তাকে মাদক ব্যবসায়ী, পরপুরুষে আসক্ত এবং একই গ্রামের এক ব্যক্তির ‘রক্ষিতা’ হিসেবে আখ্যায়িত করা হয়, যা সম্পূর্ণ মিথ্যা ও মানহানিকর বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে প্রতিবাদ করলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগী নারী। থানায় মামলা করতে ব্যর্থ হয়ে তিনি শেষ পর্যন্ত বিজ্ঞ আদালতে নালিশি মামলা দায়ের করেছেন। বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।