হাইকোর্টের নির্দেশে যশোর-৩ (সদর) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য খালিদ সাইফুল্লাহ জুয়েল।
রোববার (১৮ জানুয়ারি) বিকেলে অ্যাডভোকেট শাহরিয়ার বাবুর সঙ্গে তিনি (খালিদ সাইফুল্লাহ জুয়েল) রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আশেক হাসানের কাছে মনোনয়নপত্রটি জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য বাইজিদ হোসাইন, জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয় কমিটির সদস্য সালমান হাসান রাজিব, সদস্য ইঞ্জিনিয়ার আরিফ জামান, আসমা ইসলাম, জেলা সংগঠক আব্দুল মতিন, আসাদুজ্জামান বাবুল, খালিদ কবির, জাতীয় যুবশক্তির জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব ফারিন আহমেদ, যুগ্ম সদস্য সচিব রিয়াজ তাহসিন তাইওয়ান, যুগ্ম সদস্য সচিব রুপম আহসান, জেলা ছাত্র শক্তির সংগঠক খান মিফতাহুল অমিত প্রমুখ।
খালিদ সাইফুল্লাহ জুয়েল সাংবাদিকদের বলেন, জাতীয় নাগরিক পার্টি জামায়াতের সঙ্গে শরিকে নির্বাচনে গেলেও খুলনা বিভাগে শরিক দল জামায়াত একটি আসন ছাড়লেও যশোর সদর ছাড়বে বলে তিনি আশাবাদী।
খালিদ সাইফুল্লাহ জানান, তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন তরুণদের প্রতিনিধিত্ব করার জন্য। জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করে নতুনভাবে সুষ্ঠু ধারার রাজনীতি চর্চার স্বপ্ন দেখেছিলেন, তাদের সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই তিনি নির্বাচনে লড়ছেন।


