ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বেনাপোলে বিএনপির নির্বাচনি প্রচার শুরু

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৭:৫৭ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

যশোরের বেনাপোলে বর্ণাঢ্য গণমিছিলের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচার কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বেনাপোল বল্ডফিল্ড থেকে চেকপোস্ট পর্যন্ত এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান লিটন।

তিনি নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে বলেন, বিএনপি সরকার গঠন করলে দেশ শতভাগ দুর্নীতিমুক্ত হবে এবং চাঁদাবাজি বন্ধ করা হবে। এ সময় তিনি শিশু ও বৃদ্ধদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা, কৃষকদের বিনাসুদে ঋণ এবং শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থানের অঙ্গীকার করেন।

মিছিলে বেনাপোল পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন। নানা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে তারা মিছিলে যোগ দেন।

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন ও সাধারণ সম্পাদক আবু তাহের ভারতসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

যশোর-১ (শার্শা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নুরুজ্জামান লিটন, জামায়াতে ইসলামী বাংলাদেশের মুহাম্মাদ আজীজুর রহমান, জাতীয় পার্টির জাহাঙ্গীর আলম চঞ্চল এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মো. বকতিয়ার রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।