ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ১৫

চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০২:৫৫ পিএম
খাদে পরে যাওয়া বাস। ছবি : রূপালী বাংলাদেশ

যশোরের চৌগাছায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক মানসিক ভারসাম্যহীন যুবক নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টা এবং শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে এই দুটি পৃথক দুর্ঘটনা ঘটে।

প্রথম ঘটনায়, মানিক মিয়া (২৫) নামের মানসিক ভারসাম্যহীন যুবক চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া-পুড়াপাড়া সড়ক দিয়ে হেঁটে তার বাড়ি মহেশপুর উপজেলার ভাটপাড়া গ্রামে যাচ্ছিলেন।

পুড়াপাড়া মোড়ে পৌঁছালে পেছন থেকে অজ্ঞাতনামা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মানিক মিয়া মাথায় ও বুকে গুরুতর আঘাত পান এবং রাস্তায় পড়ে যান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১০টার দিকে তার মৃত্যু হয়।

অপরদিকে, ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাথানগাছি থেকে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় যাচ্ছিল ‘নয়ন ট্রাভেলস’ নামের একটি বরযাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৩১২৫)।

বাসটি চৌগাছা-মহেশপুর সড়কের টেঙ্গুরপুর মোড়ে সড়কের গতিরোধক পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বোরো ধান রোপণের জন্য প্রস্তুত রাখা (পাকানো) একটি খেতে পড়ে যায়।

এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন- প্রদীপ (৬৫), প্রান্ত (২৯), গণেশ (৫০), সুফল (৫৫), রিনা দাস (৬০), অরিত্র দাস (১৫), ঋষিকেশ (১৯), প্রভাতী (৩২), মধু (৫৫), শ্রীবাস (৪৫), ফারুক (৩২), টোটন (৪৮) ও অসীম (২৬)।

স্থানীয়দের সহায়তায় চৌগাছা সাব-স্টেশনের ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।