ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বেনাপোল কাস্টম হাউস, বন্দরে কাজকর্ম ও পাসপোর্টযাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, সোমবার (২৬ জানুয়ারি) ভারতের প্রজাতন্ত্র দিবসে ছুটির কারণে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে বলে ওপারের সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি সাখাওয়াত হোসেন বলেন, বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টেযাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে।
বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) কাজী রতন জানান, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সোমবার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দর ও কাস্টমস হাউসের কার্যক্রম স্বাভাবিক চলছে। বেনাপোল বন্দরে পণ্য খালাস করে ভারতীয় খালি ট্রাক ফিরে যেতে পারবে। মঙ্গলবার সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন