যশোরের চৌগাছা সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় চারটি ভারতীয় এয়ারগান, একটি বিদেশি গ্যাস পিস্তলসহ বিভিন্ন চোরাচালান মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে যশোর ব্যাটালিয়নের অধীনে আন্দুলিয়া ক্যাম্পের বিশেষ একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের চৌগাছা থানার দৌলতপুর গ্রামের একটি মাঠে থেকে চারটি ভারতীয় এয়ারগান, একটি বিদেশি গ্যাস পিস্তলসহ ট্রিগার স্প্রিং ৩০টি, ব্যাকসাইড ইউ ১৪টি, ফ্রন্ট সাইড টিপ ২৯টি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। আটক অস্ত্র ও মালামাল চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে বলে জানান তিনি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন