ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর-১ শার্শা আসনে বিএনপিরর প্রার্থী নুরুজ্জামান লিটনের নির্বাচনি পোস্টার ও ব্যানারে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
রোববার গভীর রাতে উপজেলার লক্ষণপুর ও শিকারপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
নির্বাচনকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলায় উত্তেজনা বাড়ছে। বিএনপির প্রার্থী নুরুজ্জামান লিটনের নির্বাচনি পোস্টার ও ব্যানারে রাতের আঁধারে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতাকর্মীরা।
জানা যায়, রোববার সকালে স্থানীয়রা বিভিন্ন স্থানে পুড়ে যাওয়া পোস্টার ও ব্যানার দেখতে পেয়ে বিএনপির নেতাকর্মীদের খবর দেন। পরে নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পাশাপাশি পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকার নেতাকর্মীরা দ্রুত তদন্ত করে অপরাধীদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জেল হোসেন লিটন বলেন, ‘রোববার গভীর রাতে এ ইউনিয়নে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমাদের ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন ভাইয়ের ছয়টি ব্যানার রাতের আঁধারে কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। পরিকল্পিতভাবে এ ইউনিয়নে অশান্তি সৃষ্টি ও দাঙ্গা বাধানোর উদ্দেশ্যে এ কাজ করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করা হয়েছে।’
এ বিষয়ে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ বলেন, ‘বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি শিকারপুর বাজারে ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটনের ব্যানার পুড়িয়ে দেওয়া হয়েছে। বিষয়টি থানাকে জানানো হয়েছে। পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিএনপির পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। তবে সুনির্দিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়নি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন