যশোর-৩ আসনে জামায়াতে ইসলামীর দুই কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে নওয়াপাড়া ইউনিয়নের তালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন তালবাড়িয়া গ্রামের জামায়াতে ইসলামীর কর্মী আবু হোসেন (২৫) ও আবদুল গণি (৫০)।
আহত জামায়াতে ইসলামীর আবু হোসেন জানান, তিনি ভোটকেন্দ্রের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বিএনপির সমর্থক হিরু মিয়ার নেতৃত্বে তার ওপর হামলা চালিয়ে মারধর করা হয়। টর্চলাইটের আঘাতে তার মাথা ফেটে গেছে।
এদিকে একই সময়ে জামায়াতে ইসলামীর সমর্থক আবদুল গণি ভোট দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে ধানের শীষের কর্মীরা তাকে চপেটাঘাত করে। তাকে ভোটকেন্দ্রে যেতে বাধা প্রদান করা হয় বলে অভিযোগ করেন আবদুল গনি।
স্থানীয়রা জানিয়েছেন, সহিংসতার খবর পেয়ে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগেই ঘটনার সঙ্গে জড়িতরা পালিয়ে যায়।
যশোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাফফাত আরা সাঈদ জানান, তালবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় দুজন আহত হয়েছেন বলে শুনেছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


