ফেনসিডিলের মামলায় বেনাপোলের মাদক কারবারি তরিকুল ইসলামকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি ইকবালকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
রোববার (৮ মার্চ) বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ এস. এম. নূরুল ইসলাম এক রায়ে সাজা দেন। সাজাপ্রাপ্ত তরিকুল ইসলাম বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর বারপোতা গ্রামের মৃত আবু বক্কারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান পলাশ।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২০ সালের ১৩ নভেম্বর বিকেলে পোর্ট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার বারোপোতা জামতলা গ্রামের সরকারি প্রাইমারি স্কুলের মাঠে অভিযান চালায়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তরিকুল ইসলামকে আটক করা হয়। পালিয়ে যায় তার সহযোগী ইকবাল।
আটক তরিকুলের ব্যাগ তল্লাশি করে ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক তরিকুল ও পলাতক ইকবালকে আসামি করে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করেন এসআই ইব্রাহিম হোসেন।
তদন্ত শেষে এজাহারনামীয় দুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই চন্দ্র কান্ত গাইন।
দীর্ঘ সাক্ষ্য গ্রহণের পর আসামি তরিকুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে দশ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সাজাপ্রাপ্ত তরিকুল ইসলাম বর্তমানে কারাগারে আটক আছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন