দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের আমের রাজধানী খ্যাত যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ার বেলতলা আমবাজারে গুটি আম বেচাকেনা শুরু হয়েছে।
বাজারে দেখা গেছে, প্রতি মণ গুটি আম ২ হাজার ৮শ’ টাকা থেকে ৩ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে ডালে ও আচার বানানোর কাজে এই গুটি আম ব্যবহার করা হয়।
যশোর-সাতক্ষীরা জেলার সীমান্ত বেলতলা নামক স্থানে এই আমবাজার অবস্থিত। প্রতি বছর আম মৌসুমে এখানে বড় আমের হাট বসে। এখন গুটি আম বেচাকেনা চলছে। এরপর বসবে বিভিন্ন ধরনের পাকা আমের বাজার।
বেলতলা আমবাজারে গুটি আম বিক্রি করতে আসা চাষি আফজাল হোসেন জানান, দীর্ঘ ২৫ বছর তিনি আম চাষের সঙ্গে জড়িত। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় আমের মুকুল এবং ফলন আগাম হয়েছে। যে কারণে আম দ্রুত বড় হয়েছে। এ ছাড়াও বর্তমান বাজারে গুটি আমের চাহিদা বেশি ও কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে পেরে তিনি অনেক খুশি।
মেসার্স জাহাঙ্গীর ফল ভান্ডারের মালিক জাহাঙ্গীর হোসেন জানান, সিজনের প্রথম দিন আমার আড়তে ৯ ক্যারেট গুটি আম এসেছিল। আমগুলো ২ হাজার ৮শ’ টাকা মণে বিক্রি করেছি। এ বছর গুটি আমের দাম ভালো এবং মোকামে চাহিদাও অনেক বেশি। আশা করছি এ বছর ব্যবসা ভালো হবে।
বেলতলা আম ব্যবসায়ী সমিতির সভাপতি লোকমান হোসেন বলেন, বাজারের প্রতিটি আড়তে গুটি আম ওঠা শুরু হয়েছে। দিন যত বাড়বে আমদানি-রপ্তানি তত বৃদ্ধি পাবে। পাশাপাশি এখানে আম বিক্রি করতে আসা চাষি এবং বিভিন্ন মোকাম থেকে আসা ব্যাপারিদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা ও নিরাপত্তার ব্যবস্থা জোরদার রয়েছে।
এ ব্যাপারে শার্শা উপজেলার কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা বলেন, মূলত আচার ও টক ডালে এই আম ব্যবহার হয়ে থাকে। এ কারণে বর্তমান বাজারে গুটি আমের চাহিদা বেশি ও কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে পেরে চাষিরাও অনেক খুশি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন