ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিজিবির অভিযানে ৪৫ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৮:১৫ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

ভারতে পাচারের সময় প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের দুটি স্বর্ণের বারসহ আলামিন (৩২) নামে এক পাচারকারীকে আটক করেছে যশোর ৪৯ ব্যাটালিয়নের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা।

বৃহস্পতিবার (৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের যশোর সদর উপজেলার কোদালিয়া ঈদগাহ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত পাচারকারী আলামিন যশোরের শার্শা উপজেলার ছোট নিজামপুর গ্রামের অলিয়ার রহমানের ছেলে। তল্লাশিকালে তার কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৪০.৬০ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার ৭০ টাকা জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৪৪ লাখ ৮৯ হাজার ৩৫৫ টাকা। মোবাইল ও নগদ অর্থসহ জব্দকৃত মালামালের মোট মূল্য দাঁড়িয়েছে ৪৫ লাখ ১৪ হাজার ৪২৫ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আলামিন বলেন, ‘তিনি ঢাকার সায়েদাবাদ এলাকার চোরাকারবারিদের কাছ থেকে এই স্বর্ণ সংগ্রহ করে যাদবপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।’

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘কিছুদিন যাবৎ বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। স্বর্ণ পাচারসহ চোরাচালান রোধে বিজিবির এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’