মন্ত্রিপরিষদের সিনিয়র সচিব ড. নাসিমুল গণি শেলি বলেছেন, ভেদাভেদ ভুলে সবাই মিলে দেশকে এগিয়ে নিতে হবে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে যশোরের চৌগাছা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত এক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তবে অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মেনে কোনো ফুল প্রদান করা হয়নি।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছাড়া একমাত্র বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। বক্তব্যে তিনি চৌগাছার উন্নয়নে চৌগাছার কৃতি সন্তান মন্ত্রিপরিষদ সচিবের বিভিন্ন সহযোগিতার কথা উল্লেখ করে তার প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে চৌগাছার উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আশেক হাসান, মন্ত্রিপরিষদের উপসচিব মাহবুবুর রহমান মিলন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জালাল উদ্দীন, চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোর্শেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধিত অতিথি হিসেবে তিনি এদিন উপজেলা পরিষদ লাইসিয়াম স্কুলের একজন শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী, দুইজন নারীকে সেলাই মেশিন এবং উপজেলা ক্রীড়া সংস্থার জন্য ক্রীড়া সংগঠক মঈন উদ্দীন মঈনকে একটি সেট ক্রিকেট সামগ্রী বিতরণ করেন।


