যশোরের শার্শা উপজেলায় উলশী খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টা ৫৫ মিনিটে খাল পুনর্খনন কাজের উদ্বোধন করেন তিনি।
এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশে রওনা হন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, এই সফরে তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং একটি জনসভায় বক্তব্য রাখবেন।
নির্ধারিত সূচি অনুযায়ী, সকালে গুলশানের বাসভবন থেকে সড়কপথে বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে আকাশপথে যশোরে যান তিনি। যশোরে অবতরণের পর শার্শা উপজেলার উলশী খাল খনন প্রকল্পের উদ্বোধন করেন। একই স্থানে আয়োজিত এক পথসভা বা সুধী সমাবেশেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।
পরে শার্শা থেকে ফিরে যশোর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি নেবেন। এরপর বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তারপর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে একটি জনসভায় বক্তব্য দেবেন।
দিনের কর্মসূচি শেষ করে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাতে রাজধানীতে ফেরার কথা রয়েছে তার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি তার যশোরে প্রথম সফর। তবে গত তিন মাসে এটি তার দ্বিতীয়বারের মতো যশোর সফর।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত একটি বড় নির্বাচনি সমাবেশে অংশ নিয়েছিলেন তিনি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন