ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

যশোরের স্পাইডার শামীম স্ত্রীসহ গ্রেপ্তার

যশোর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০২:১৯ এএম
ছবি: সংগৃহীত

যশোরের কুখ্যাত চোর শাহিন ইসলাম শামীম ওরফে ‘স্পাইডার শামীম’কে স্ত্রীসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) পুরাতন কসবা ও উপশহর ফাঁড়ি পুলিশের যৌথ অভিযানে শেখহাটি জামরুলতলা বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিকেলে এই দম্পতিকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তার শামীম যশোর শহরের শংকরপুর এলাকার শহিদুল ইসলাম ওরফে রবির ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ জুন ভোরে শহরের কাজীপাড়া আমির আলী গার্ডেন এলাকার একটি বাড়ির বাথরুমের ফ্যান ভেঙে ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা। পরে একটি ল্যাপটপ, প্রায় চার ভরি স্বর্ণালঙ্কার, নগদ এক লাখ টাকা ও অন্যান্য মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। পুরো ঘটনাটি বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়। এ ঘটনায় বাড়ির মালিক রেজাউল ইসলাম কোতোয়ালি থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন।

তদন্তের একপর্যায়ে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ চুরির সঙ্গে স্পাইডার শামীমের সম্পৃক্ততা নিশ্চিত হয়। এরপর তাকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে শেখহাটি জামরুলতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় চোরাই মালামাল নিজের হেফাজতে রাখার অভিযোগে তার স্ত্রী আরিফা সুলতানা বৃষ্টিকেও গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে স্ত্রী আরিফা সুলতানা বৃষ্টির কাছ থেকে চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার করা হয়। একই সঙ্গে চুরি হওয়া স্বর্ণালঙ্কার বিক্রির ৫ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, ‘স্পাইডার শামীম’ দীর্ঘদিন ধরে যশোরে সংঘবদ্ধ চুরি চক্রের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। এর আগে তিনি একাধিকবার চুরির মামলায় গ্রেপ্তার হয়েছেন। এমনকি পুলিশের সদস্যদের বাসায় সংঘটিত চুরির ঘটনাতেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। বিভিন্ন সময়ে তার কাছ থেকে চোরাই স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে প্রতিবার জামিনে মুক্তি পেয়ে তিনি আবারও চুরির সঙ্গে জড়িয়ে পড়েন।