ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

‘হিংসার বদলে উন্নয়ন ও সম্প্রীতির রাজনীতি করতে হবে’

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ১২:২১ এএম
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান এমপি। ছবি: সংগৃহীত

রাজনীতিতে প্রতিহিংসার পরিবর্তে সহনশীলতা, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নের বার্তা দিয়ে ঝিনাইদহের শৈলকুপায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান এমপি।

আজ শুক্রবার (১০ জুলাই) বিকেল ৪টায় উপজেলার হাকিমপুর ইউনিয়নের সাবেক ৩ নম্বর ওয়ার্ডের সাধুহাটি বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মো. নজরুল ইসলাম জোয়ার্দার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন মোল্লা, প্রবাসী কল্যাণ সম্পাদক মনিরুল ইসলাম, হাকিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বকুল বিশ্বাস, সাধারণ সম্পাদক আবুল কাশেম চুন্নুসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ।

প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিহিংসার রাজনীতি থেকে সরে এসে সহনশীল ও জনকল্যাণমুখী রাজনীতির আহ্বান জানিয়েছেন। সেই লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। একসময় ঈদকে ঘিরে শৈলকুপা অশান্ত হয়ে উঠত, কিন্তু এখন শান্তি ও সম্প্রীতির পরিবেশ তৈরি হচ্ছে। এ ধারা ধরে রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে কোনো আপস নেই। যুবসমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চলবে। একই সঙ্গে পর্যায়ক্রমে এলাকার স্কুল-কলেজ, মসজিদ, মন্দির, কবরস্থান এবং রাস্তাঘাটের উন্নয়ন করা হবে। উন্নয়নের সুফল প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

বক্তব্য শেষে তিনি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।