যশোরের শার্শায় ১১ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে তামিম ইকবাল (১৬) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৫ জুন) রাতে শার্শার আফিল জুট মিলের স্টাফ কোয়ার্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক তামিম ইকবাল উপজেলার গোগা বাজার এলাকার হারুনার রশীদের ছেলে।
ভুক্তভোগীর পরিবারের দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, শিশুটির মা শার্শার আফিল জুট মিলে চাকরি করেন। গত ২৬ জুন রাতে শিশুর মা রুমে না থাকার সুযোগে মিথ্যা কথা বলে শিশুটিকে দিয়ে তার রুমের দরজা খোলায় অভিযুক্ত তামিম। এরপর সে গামছা দিয়ে শিশুটির মুখ বেঁধে আফিল জুট মিলের স্টাফ কোয়ার্টারের ২৪ নম্বর রুমে তার শয়নকক্ষে নিয়ে যায়। সেখানে শিশুটিকে কুপ্রস্তাব দেওয়া হয়। এতে রাজি না হওয়ায় শিশুটিকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে তামিম।
ঘটনার পর শিশুটির মা বিস্তারিত জানতে পেরে আইনি সহায়তার জন্য শার্শা থানায় একটি লিখিত এজাহার দাখিল করেন। এজাহারের পরিপ্রেক্ষিতে শার্শা থানায় একটি ধর্ষণ মামলা রুজু করা হয়। মামলা পরপরই শার্শা থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে শার্শার আফিল জুট মিলের স্টাফ কোয়ার্টার থেকে অভিযুক্ত তামিমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
শার্শা থানার ওসি শামিনুল হক জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশের তৎপরতা শুরু হয়। দ্রুত অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত তামিমকে আজ আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন