ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ১২:৩৯ পিএম
নলছিটিতে ব্যবসায়ীদের সঙ্গে ইউএন’র মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছবি : রূপালী বাংলাদেশ

ঝালকাঠির নলছিটিতে ব্যবসায়িক সমস্যা, সম্ভাবনা ও নীতি নির্ধারণসহ গণভোট বিষয়ে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) রাত ৮টায় উপজেলার শহীদ ওসমান হাদি লঞ্চঘাট সংলগ্ন নবীমহল বাজারে সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোবায়ের হাবিব। বিশেষ অতিথি ছিলেন নলছিটি থানার ওসি (তদন্ত) মো. আশ্রাব আলী। সভায় ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক বিভিন্ন সমস্যা তুলে ধরেন। 

ইউএনও মো. জোবায়ের হাবিব বলেন, নির্বাচন দেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসন বদ্ধপরিকর। প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং কোনো প্রকার প্রভাব খাটানো হবে না।

তিনি আরও বলেন, ব্যবসায়ীরা সমাজের দর্পণ। আপনারা জনগণকে নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দিতে উৎসাহিত করুন। ভোট হবে জনগণের ইচ্ছায়, যেখানে ভোটারই শেষ কথা।

সর্বোপরি তিনি গণভোট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, আমরা বাংলাদেশে নতুন করে কোনো ফ্যাসিবাদ কায়েম হোক- তা চাই না এবং একক কোনো রাজনৈতিক দলের হাতে দেশের ক্ষমতা কেন্দ্রীভূত থাকুক—এটিও আমরা চাই না। দেশকে স্বৈরাচার ও ফ্যাসিবাদমুক্ত করতে হলে সবাইকে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জয়যুক্ত হতে হবে।

এ সময় উপস্থিত ব্যবসায়ীরা করতালির মাধ্যমে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার বিষয়ে সম্মতি প্রকাশ করেন।

সভায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং নলছিটির সূর্য সন্তান শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।