ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নলছিটির আলোচিত মিলন হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৪:১০ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

ঝালকাঠির নলছিটি উপজেলার শংকরপাশা এলাকায় দুর্বৃত্তদের পিটুনিতে নিহত মিলন হাওলাদার (২৮) হত্যা মামলার তিন আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (১১ মে) বিকেলে ঢাকার শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বেল্লাল হাওলাদার, হারুন হাওলাদার ও শাহআলম হাওলাদার। তারা সবাই নলছিটি উপজেলার শংকরপাশা এলাকার মৃত ইসমাইল হাওলাদারের ছেলে।

জানা গেছে, গত ৫ মার্চ বৃহস্পতিবার সকালে নলছিটি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শংকরপাশা এলাকায় আসামিরা মিলন হাওলাদারকে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিনই তার মৃত্যু হয়। নিহত মিলন একই এলাকার সেলিম হাওলাদারের ছেলে।

এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার ওই তিন আসামিকে র‍্যাব-৩-এর একটি দল রাজধানীর শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে শাহবাগ থানায় সোপর্দ করে।

নলছিটি থানার ওসি মো. আরিফুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, আমাদের অনুরোধে র‍্যাব-৩ ওই তিন আসামিকে ঢাকার শাহবাগ এলাকা থেকে গ্রেপ্তার করে শাহবাগ থানায় সোপর্দ করেছে। আসামিদের নলছিটিতে আনার জন্য পুলিশের একটি দল ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে।