ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ-মাগুরা জেলার ১০টি উপজেলায় ১৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ () মোতায়েন করা হবে। নির্বাচনি নিরাপত্তা নিশ্চিতে এসব এলাকায় ১০টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হবে।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) পক্ষ থেকে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে ব্যাটালিয়ন সদরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম।
বৃহস্পতিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঝিনাইদহ-মাগুরা জেলার মোট ১০টি উপজেলায় ৬টি সংসদীয় আসনে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। এ লক্ষ্যে ১০টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হচ্ছে। সীমান্তবর্তী একটি উপজেলাসহ অন্যান্য উপজেলায় বিজিবি, সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও আনসারের সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।
তপশিল ঘোষণার পর গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখেই রেকি সম্পন্ন করা হয়েছে এবং আগামী ২৯ থেকে ৩১ জানুয়ারি ২০২৬ এর মধ্যে মোতায়েন কার্যক্রম শেষ হবে। মোতায়েনের পর দুই জেলার গুরুত্বপূর্ণ ৫৫টি স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম এবং ভোটকেন্দ্রভিত্তিক টহল জোরদার করা হবে, যাতে কোনো দুষ্কৃতিকারী নির্বাচনকে ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। একই সঙ্গে সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার ও জনসচেতনতামূলক সভার মাধ্যমে ভোটারদের নির্বাচনে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা হচ্ছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যশোর রিজিয়নের অধীন ৭টি ব্যাটালিয়ন ১৮টি জেলার ১০৮টি উপজেলায় ৬২টি সংসদীয় আসনে মোট ৯৩টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে প্রায় ১৮৩ প্লাটুন বিজিবি মোতায়েন করবে। দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রেখেই সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য নির্বাচনি দায়িত্ব পালন করবে। ৪৯৫টি উপজেলার মধ্যে কুতুবদিয়া, হাতিয়া, সন্দীপ, দাকোপ, মনপুরা ও রাঙাবালি ব্যতীত ৪৮৯টি উপজেলায় এবং সীমান্তবর্তী ৬১টি উপজেলায় এককভাবে বিজিবি দায়িত্ব পালন করবে।
এ সময় লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, নির্বাচন চলাকালীন যাতে কোনো দুষ্কৃতকারী দেশের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। এক্ষেত্রে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক ইমদাদুর রহমান।


