ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঝিনাইদহ-১ আসনে যৌথ বাহিনীর বিশেষ টহল অভিযান

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৮:২১ এএম
যৌথ বাহিনীর বিশেষ টহল অভিযান। ছবি : রূপালী বাংলাদেশ

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিরাপত্তা জোরদারের লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও বিজিবির সমন্বয়ে যৌথ বাহিনীর একটি বিশেষ টহল পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শৈলকুপা পৌরসভাসহ উপজেলার ৭ নম্বর হাকিমপুর, ৮ নম্বর ধলহরাচন্দ্র, ১১ নম্বর আবাইপুর, ১২ নম্বর নিত্যানন্দপুর ও ১৩ নম্বর উমেদপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ টহল কার্যক্রম পরিচালিত করা হয়।

টহল চলাকালে শৈলকুপা আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর আসিফ মোস্তফা, শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ অধিকারী, শৈলকুপা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আবু বক্কর সিদ্দিক, শৈলকুপা থানার উপপরিদর্শক (এসআই) অমিত হাসান, র‍্যাব-৬ ঝিনাইদহের উপপরিদর্শক (এসআই) বিশ্বরূপসহ সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

কর্তৃপক্ষ জানায়, নির্বাচনি এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে এ ধরনের যৌথ টহল কার্যক্রম অব্যাহত থাকবে।