ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মুকুলে ভরে উঠেছে শৈলকুপার আমবাগান

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১১:৫১ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

ফাগুনের শুরুতেই ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকায় আমের গাছে গাছে দেখা দিয়েছে মুকুলের সমারোহ। উপজেলার গ্রামাঞ্চল থেকে শুরু করে বাড়ির আঙিনা—সবখানেই এখন আমের মুকুলের সুবাস ছড়িয়ে পড়েছে। প্রকৃতির এই মনোরম দৃশ্য স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মনে জাগিয়েছে ভালো ফলনের আশাবাদ।

উপজেলার কৃষি অফিস সূত্রে জানা গেছে, শৈলকুপায় চলতি মৌসুমে প্রায় কয়েকশ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আমের চাষ রয়েছে। এর মধ্যে গোপালভোগ, ল্যাংড়া, হিমসাগর ও আম্রপালি জাতের আম বেশি দেখা যায়। অনুকূল আবহাওয়া বজায় থাকলে এবং ঘন কুয়াশা ও পোকার আক্রমণ কম হলে এবারও ভালো ফলন হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় আমচাষি আব্দুল মালেক জানান, 'এবার গাছে প্রচুর মুকুল এসেছে। যদি অতিরিক্ত কুয়াশা না পড়ে এবং মোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়, তাহলে গত বছরের মতো ভালো ফলন হবে বলে আশা করছি।'

কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, মুকুল আসার সময় ঘন কুয়াশা ও অতি বৃষ্টি হলে মুকুল ঝরে পড়ার আশঙ্কা থাকে। এ ছাড়া হপার, মিলিবাগসহ বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ ফলনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ জন্য চাষিদের নিয়মিত বাগান পরিচর্যা ও পরামর্শ অনুযায়ী কীটনাশক ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

প্রতিবছর শৈলকুপার উৎপাদিত আম স্থানীয় চাহিদা মিটিয়ে জেলার বাইরেও সরবরাহ করা হয়। ফলে আম মৌসুমকে ঘিরে এখানকার অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ে।