ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শৈলকুপা-গাড়াগঞ্জ সড়কে কাজের ধীরগতি, চরম ভোগান্তি

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ১০:০৮ এএম
শৈলকুপা-গাড়াগঞ্জ সড়কের সংস্কারকাজের ধীরগতি, চরম ভোগান্তি। ছবি : রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ব্যস্ততম শৈলকুপা-গাড়াগঞ্জ সড়কের সংস্কারকাজের ধীরগতির কারণে চরম দুর্ভোগে পড়েছেন পথচারী ও যানবাহন চালকরা। দুই মাস ধরে সড়কটির কাজ চলমান থাকলেও আশানুরূপ অগ্রগতি দেখা যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

এদিকে সড়কে কাজ করার সময় ধুলোবালি নিয়ন্ত্রণে নিয়মিত পানি ছিটানোর কথা থাকলেও বাস্তবে তা পর্যাপ্তভাবে করা হচ্ছে না বলেও অভিযোগ রয়েছে। ফলে প্রতিদিনই সড়কজুড়ে ধুলোবালি সৃষ্টি হচ্ছে। বিশেষ করে চলমান পবিত্র রমজান মাসে রোজাদার মানুষের জন্য এই ধুলোবালিময় রাস্তায় চলাচল অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে।

স্থানীয়রা জানান, শৈলকুপা শহরে প্রবেশের একমাত্র গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরেই সংস্কারের দাবি ছিল এলাকাবাসীর। সে সময়ের দেশের অ্যাটর্নি জেনারেল, বর্তমান সরকারের আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান এলাকাবাসীর কাছে সড়কটি উন্নয়নের আশ্বাস দিয়েছিলেন বলে অনেকেই স্মরণ করেন।

এর আগে বছরের পর বছর পেরিয়ে গেলেও এবং বিভিন্ন সময়ে সংসদ সদস্য পরিবর্তন হলেও শৈলকুপা শহরে প্রবেশের এই গুরুত্বপূর্ণ সড়কটি কাঙ্ক্ষিত উন্নয়নের মুখ খুব একটা দেখেনি বলে অভিযোগ স্থানীয়দের।

পথচারীরা জানান, বর্তমানে সড়কটির অবস্থা এতটাই ধুলোবালিময় যে প্রতিদিন চলাচল করতে গিয়ে তাদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল আরোহী, ভ্যানচালক এবং সাধারণ পথচারীদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে।

এলাকাবাসীর দাবি, দ্রুত কাজের গতি বাড়িয়ে নিয়মিত পানি ছিটিয়ে ধুলোবালি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে সাধারণ মানুষ স্বস্তিতে চলাচল করতে পারেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।