ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কালীগঞ্জে নসিমন চালকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ১০:২০ এএম
মরদেহ উদ্ধার। ছবি: রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের কালীগঞ্জে ওমর আলী শেখ (৫০) নামে এক নসিমন চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি কালীগঞ্জ উপজেলার বারোবাজার হাটবেলাটপুর গ্রামের ছাত্তার শেখের ছেলে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে স্থানীয়রা মোবারকগঞ্জ চিনিকল ফার্মের সড়কের ডোবায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

ইসমাইল হোসেন নামে এক ব্যক্তি জানান, আমরা একসাথে বারোবাজারে শ্রমিকের কাজ করতাম। অল্প কিছুদিন হলো ওমর আলী নসিমন কিনেছেন। তিনি বারোবাজারের মাছের ভাড়া টানতেন। সকালে তার ফোনে ফোন দিলে রিসিভ হচ্ছিল না। পরে জানতে পারি রাস্তার পাশে তার মরদেহ পড়ে আছে।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, সকালে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় ধারালো অস্ত্রের কাটা চিহ্ন রয়েছে। এছাড়া রশি দিয়ে গলা পেঁচানো ছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে এবং শ্বাসরোধ করে হত্যা করে ফেলে রাখা হয়েছে।