জয়পুরহাটের খঞ্জনপুর উত্তরপাড়া এলাকা থেকে ট্যাপেন্টাডল, বুফ্রেনরফিনসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
র্যাব সূত্র জানায়, মাদক কারবারি মাদক বিক্রির জন্য খঞ্জনপুর উত্তরপাড়া এলাকায় অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩-এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক কারবারি সৈকত হোসেনকে (২২) আটক করা হয়। সৈকত নওগাঁর চকতারতা এলাকার মাসুদ রানা নয়নের ছেলে।
এ সময় আটক মাদক কারবারি সৈকত হোসেনের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ২৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৪ পিস বুফ্রেনরফিন উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, আটক আসামি সৈকত হোসেন একজন চিহ্নিত মাদক কারবারি। সে জয়পুরহাট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে থাকে। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে এবং জানায় যে, অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বুফ্রেনরফিন বিক্রয়ের উদ্দেশ্যে সে ঘটনাস্থলে অবস্থান করছিল।
আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে জয়পুরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন