ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নিয়ম ভেঙে তেল বিক্রি, খাগড়াছড়িতে পরিবেশককে জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৭:৩৬ পিএম
ছবি- সংগৃহীত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নির্ধারিত নিয়ম লঙ্ঘন করে অন্যত্র জ্বালানি তেল বিক্রির দায়ে মেসার্স খোদেজা আক্তার প্রিয়াসী এন্টারপ্রাইজকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানটি যমুনা অয়েল কোম্পানির পরিবেশক।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলের দিকে মাটিরাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ প্রদান করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাটিরাঙ্গার মেসার্স খোদেজা আক্তার প্রিয়াসী এন্টারপ্রাইজের অনুকূলে বরাদ্দকৃত জ্বালানি তেল বেশি লাভের আশায় নিয়ম বহির্ভূতভাবে ড্রামে ভরে অন্যত্র বিক্রি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান। অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ওই পরিবেশককে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান বলেন, সংশ্লিষ্ট পরিবেশককে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এমন অভিযোগ প্রমাণিত হলে তার লাইসেন্স বাতিলের সুপারিশসহ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।