খাগড়াছড়ির যামিনীপাড়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় চোরাকারবারীরা পালিয়ে গেলেও তাদের ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে চারটি অবৈধ অস্ত্র, ১৪ রাউন্ড অ্যামুনিশন, পাঁচ রাউন্ড এফসিসি এবং ১ হাজার ৬০০ ভারতীয় রুপি উদ্ধার করেছে বিজিবি।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২৭ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে যামিনীপাড়া ব্যাটালিয়নের (২৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেনের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল তবলছড়ি ইউনিয়নের দেওয়ানবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ সিংহপাড়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে ৫ থেকে ৬ জনের একটি সশস্ত্র চোরাকারবারী দল আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি ব্যাকপ্যাক উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যাগ থেকে একটি ৭ দশমিক ৬৫ মিলিমিটার পিস্তল, একটি ৯ মিলিমিটার পিস্তল, দুটি ১২ বোর এলজি পিস্তল, ১৪ রাউন্ড অ্যামুনিশন, পাঁচ রাউন্ড এফসিসি এবং ১ হাজার ৬০০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, পরে জব্দ করা অস্ত্র ও অন্যান্য আলামত ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে সশস্ত্র চোরাকারবারীরা আভিযানিক দলের ওপর অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালান। প্রায় ৮ থেকে ১০ মিনিট থেমে থেমে উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময়ের একপর্যায়ে চোরাকারবারীরা সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে অস্ত্র, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে বিজিবি। দেশের সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন