সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাফিন আহম্মেদ জিসানকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার হুমকি এবং তার মাকে অশ্লীল ভাষায় গালাগালির অভিযোগ উঠেছে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছানোয়ার হোসেন সানু ও তার ভাই সনি আহম্মেদ শামীমকে গ্রেপ্তার এবং দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন জিসানের মা শাপলা আহম্মেদ।
সোমবার (২৭ জুলাই) বেলা ২টার দিকে সিরাজগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে শাপলা আহম্মেদ বলেন, গতকাল রোববার রাতে ছানোয়ার হোসেন সানু তার ছেলে শাফিন আহম্মেদ জিসানকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার হুমকি দেন। একই সময়ে তাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালাগালও করা হয়।
তিনি বলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। ওই পোস্টে সিরাজগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন নিয়ে আলোচনা করা হয়। সেখানে ছানোয়ার হোসেন সানু তার স্বামী সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নাকে নিয়ে বিরূপ মন্তব্য করেন।
পরবর্তীতে ২৬ জুলাই রাতে সিরাজগঞ্জ শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত স্মরণসভায় তার ছেলে জিসান বক্তব্য দেন। ওই বক্তব্যের ভিডিও বা পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর ছানোয়ার হোসেন সানু তার ছেলেকে অশ্লীল ভাষায় গালাগালি ও হুমকি দেন বলে অভিযোগ করেন শাপলা আহম্মেদ। পরে রাতে ফোন করে তার ছেলেকে তুলে নিয়ে হত্যার হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে শাপলা আহম্মেদ আরও অভিযোগ করেন, ছানোয়ার হোসেন সানু ও তার সহযোগীরা বিএনপির কেন্দ্রীয় নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্ম ও মানুষকে হুমকি দিচ্ছেন। তাদের কর্মকাণ্ডে সিরাজগঞ্জে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, আমি, আমার ছেলে ও পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। একজন মা ও নারী হিসেবে আমাকে যেভাবে গালাগাল করা হয়েছে, তা অত্যন্ত অপমানজনক। সমাজের সব মায়ের উচিত এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।
ছেলে ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, ছানোয়ার হোসেন সানু ও তার ভাই সনি আহম্মেদ শামীমকে গ্রেপ্তার এবং ছানোয়ার হোসেন সানুকে দল থেকে বহিষ্কারের দাবিতে আগামী ২৮ জুলাই সিরাজগঞ্জ বাজার স্টেশন মুক্তির সোপানে আমরণ অনশনে বসার ঘোষণা দেন শাপলা আহম্মেদ। এ কর্মসূচিতে সাংবাদিকদের উপস্থিত থেকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
শাপলা আহম্মেদ আরও বলেন, এর আগেও ছানোয়ার হোসেন সানু তার পরিবারকে হুমকি দিয়েছিলেন। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন