বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচিত হবে। এই দিনে ১৮ কোটি মানুষের প্রকৃত ক্ষমতা প্রতিষ্ঠিত হবে। দেশের রাজনীতি থেকে দুর্নীতি, লুটপাট, গুন্ডামি ও সন্ত্রাস চিরতরে বিদায় নেবে—ইনশাআল্লাহ।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে খুলনার ডুমুরিয়া উপজেলার স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনতার উদ্দেশে মাওলানা মামুনুল হক বলেন, ইতিহাসের এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের মুহূর্তে ১১টি রাজনৈতিক দল ভাইয়ের মতো ঐক্যবদ্ধ হয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং নিপীড়িত ও অধিকারবঞ্চিত ১৮ কোটি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতেই এই ঐক্য গড়ে উঠেছে।
তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে আবারও পুরোনো দিনের সন্ত্রাস, চাঁদাবাজি ও লুটপাটের সংস্কৃতি ফিরে আসার চেষ্টা হচ্ছে। একদিকে গুন্ডামি ও সন্ত্রাস, অন্যদিকে দুর্নীতি ও লুটপাট—এই দুই ভূতের কবলে পড়ে দেশের মানুষের অর্জিত সম্পদ বারবার লুট হয়ে গেছে।
মাওলানা মামুনুল হক দেশের অর্থনৈতিক বাস্তবতার উদাহরণ টেনে বলেন, শ্রমিক, কৃষক, দিনমজুর, ব্যবসায়ী ও প্রবাসীদের সম্মিলিত পরিশ্রমেই দেশের অর্থনীতির চাকা সচল হওয়ার কথা ছিল। কিন্তু দুর্নীতিবাজদের কারণে সেই উন্নয়ন সম্ভব হয়নি। পাঁচ ভাইয়ের কষ্টার্জিত সম্পদ একজন রাতের আঁধারে লুট করলে সংসারে কখনো সচ্ছলতা আসে না—আজ বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি ঠিক তেমন।
তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও দেশের অর্থনীতিতে গুণগত পরিবর্তন আসেনি। ক্ষমতায় গিয়ে দুর্নীতিবাজ রাজনীতিবিদরা কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। এবার জনগণ আর সেই পুরোনো দুর্নীতিবাজ ও লুটেরা গোষ্ঠীকে ক্ষমতায় দেখতে চায় না। সে কারণেই ১১ দলীয় ঐক্য গড়ে উঠেছে এবং টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত গণজোয়ার সৃষ্টি হয়েছে।
বক্তব্যের একপর্যায় তিনি জামায়াতে ইসলামীর খুলনা-৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ারের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে উপস্থিত জনগণের প্রতি আহ্বান জানান, আগামী ১২ ফেব্রুয়ারি বিপুল ভোটে তাকে বিজয়ী করে সংসদে পাঠানোর জন্য।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের ডুমুরিয়া উপজেলা সভাপতি মুফতি আব্দুল কাইউম জোয়াদ্দার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান মাদানী, জামায়াতে ইসলামীর খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইনসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
-20260208192416.webp)


