খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের এক কর্মচারীর বিরুদ্ধে হামলা, নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছে একটি পরিবার। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার রূপসা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, রূপসা উপজেলার তিলক গ্রামের মৃত দেলদার নায়েবের ছেলে মনজুরুল করিম বাবলু ও ফাইজুল করিম লাভলুর পরিবারের সঙ্গে একই গ্রামের ইমরান শেখ (৩৫), নিজাম শেখ (৩২) ও তাদের মা হামিদা বেগমের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
ভুক্তভোগী পরিবারের সদস্য নাসরিন বেগম জানান, কিছুদিন আগে রাস্তার ওপর পড়ে থাকা একটি বাঁশের আগা কেটে চলাচলের উপযোগী করেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে ইমরান শেখ ও তার ভাই নিজাম শেখ তাকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় তার ছেলেকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
লিখিত অভিযোগে আরও বলা হয়, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অভিযুক্তরা প্রভাব খাটিয়ে তাদের সম্পত্তির একটি অংশ দখলের চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে তারা বিভিন্ন সময়ে হুমকি-ধামকি দিয়ে আসছেন।
ভুক্তভোগী পরিবার জানায়, গত ১৯ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে তাদের বাড়ির সীমানার বেড়া সংস্কারের সময় আলেয়া বেগম (৬৬) গালিগালাজের শিকার হন। প্রতিবাদ করলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। পরে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে তাঁদেরও হুমকি দেওয়া হয়।
স্থানীয় কয়েকজন এ ঘটনার সাক্ষী বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। তাদের মধ্যে আছেন তিলক গ্রামের ফারুক শেখ ও ছরিন বেগম।
পরিবারটি জানায়, তারা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নিজাম শেখ বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। তাকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যেই এ ধরনের অভিযোগ করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন