কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন অপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে পৌর এলাকার হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আল আমিন অপু হোসেনপুর পৌর এলাকার মুর্শিদ উদ্দিনের ছেলে। তিনি সর্বশেষ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং হোসেনপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
হোসেনপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


