ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভৈরবে ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৬:৪৬ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের চাপায় সাদেক মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ঢাকা-সিলেট মহাসড়কে ভৈরব বাসস্ট্যান্ডের দূর্জয়মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাদেক মিয়া উপজেলার শ্রীনগর ইউনিয়নের জাফরগর গ্রামের বরহী বাড়ির বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের বাসস্ট্যান্ড দূর্জয়মোড়ে তখন যানজট ছিল। বৃদ্ধ ব্যক্তি দূর্জয়মোড় নূরানী মসজিদের অপর পাশে সড়কের মধ্যবর্তী ডিবাইডার লেনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ তিনি রাস্তা পারাপারের সময় ট্রাকের নিচে পড়ে যান। ট্রাকের চালকও বুঝতে পারেননি বৃদ্ধ লোকটি তার গাড়ির নিচে পড়েছেন। ঘটনাস্থলেই বৃদ্ধ লোকটি মৃত্যু বরণ করেন।

ভৈরব থানার এসআই শক্তি পদ মৃধা জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। সিলেট থেকে ঢাকাগামী (ঢাকা মেট্রো-ট ২০-৪২০২) ট্রাকটি জব্দ করেছি। ঘটনায় চালক পালিয়ে গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহতের বাড়ি ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের জাফরগর গ্রামে। পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। মরদেহ ভৈরব হাইওয়ে থানার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’