ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রবাসীর স্ত্রীর অভিযোগে পরকীয়া প্রেমিক গ্রেপ্তার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৬:২১ পিএম
ভৈরব থানা। ছবি : রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে বিয়ের প্রলোভনে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগে এক প্রবাসীর স্ত্রীর দায়ের করা মামলায় আল আমিন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার (৯ ফেব্রুয়ারি) ভোরে পৌর শহরের ভৈরবপুর উত্তর পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার ওসি আতাউর রহমান আকন্দ।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগকারী নারী পৌর শহরের কমলপুর এলাকার ভাড়াটিয়া এবং তিনি ইতালি প্রবাসীর স্ত্রী। অভিযুক্ত আল আমিন পৌর শহরের উত্তর পাড়া এলাকার রমজান আলী মিয়ার বাড়ির বাসিন্দা এবং মৃত কালা মিয়ার ছেলে।

ওসি আতাউর রহমান আকন্দ বলেন, অভিযোগকারী নারী আল আমিনের বিরুদ্ধে কিশোরগঞ্জ আদালতে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলার কাগজপত্র হাতে পাওয়ার পর ভৈরব থানা পুলিশ তাকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। পরে শনিবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত আল আমিনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, অভিযোগকারী নারীর স্বামী ইতালি প্রবাসী। অভিযুক্ত আল আমিন ইলেকট্রিশিয়ানের কাজ করতে গিয়ে ওই নারীর বাসায় যাতায়াতের সূত্রে পরিচিত হন। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীর সঙ্গে একাধিকবার যৌন সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

রোববার দুপুরে গ্রেপ্তারকৃত আল আমিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।