কিশোরগঞ্জের হোসেনপুরে ছুরিকাঘাতে শুভ মিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঈদের পর তার প্রবাসে যাওয়ার কথা ছিল বলে পরিবার জানিয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বলিয়াচর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বসতঘরে ঢিল ছোড়াকে কেন্দ্র করে প্রতিবেশী নূর মিয়ার ছেলে রিয়াদ মিয়ার (১৮) সঙ্গে শুভর কথাকাটাকাটি হয়।
এ বিষয়কে কেন্দ্র করে একপর্যায়ে রিয়াদ শুভকে ছুরি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর অভিযুক্ত রিয়াদ পলাতক।
হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লিমন বোস জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


