কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বিদ্যুৎস্পর্শে সুলতান মিয়া (৪০) নামের এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ভিটিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুলতান মিয়া একই ইউনিয়নের মহিষকান্দা গ্রামের রেণু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কাঠমিস্ত্রির কাজ করতেন।
নিহতের ভাতিজা সামাদ মিয়া জানান, সকালে ভিটিপাড়া গ্রামের উজ্জ্বল মিয়ার বাড়িতে আসবাবপত্র তৈরির কাজ করছিলেন সুলতান। কাজের একপর্যায়ে ড্রিল মেশিন ব্যবহার করার সময় তিনি বিদ্যুতায়িত হন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মরদেহ উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


