কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের নিলাম ডাকের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে এবং আসামিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জেলার কর্মরত সাংবাদিকরা।
মানববন্ধন থেকে হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে কিশোরগঞ্জ সাংবাদিক সমাজ। শুক্রবার (৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের কালীবাড়ী চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে কিশোরগঞ্জ সাংবাদিক সমাজ।
এতে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, কিশোরগঞ্জ প্রেসক্লাব, কিশোরগঞ্জ জেলা প্রেসক্লাব, কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পাশাপাশি রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। একই সঙ্গে সাংবাদিক নির্যাতন বন্ধ এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
গতকালের ঘটনায় আহত হন চ্যানেল টোয়েন্টিফোরের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল (৩৭) এবং গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু (৪২)। তারা দুজনই কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।
জানা যায়, প্রতিদিন আসরের নামাজের পর ঐতিহাসিক পাগলা মসজিদের দানের বিভিন্ন সামগ্রী নিলামে তোলা হয়। এই নিলামকে কেন্দ্র করে স্থানীয় একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে কম দামে এসব সামগ্রী কিনে আসছিল। ওই সিন্ডিকেটের কার্যক্রম নিয়ে সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে যান দুই সাংবাদিকসহ চারজন সংবাদকর্মী।
এ সময় একটি প্রভাবশালী সিন্ডিকেট চক্রের লোকজন হঠাৎ করে মব সৃষ্টি করে তাদের ওপর হামলা চালায়। এতে খায়রুল আলম ফয়সাল ও ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু গুরুতর আহত হন।
পরে মসজিদের দায়িত্বরত আনসার সদস্যদের সহায়তায় আহত দুই সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
এদিকে হামলার ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু বৃহস্পতিবার রাতে বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে আরও ৮ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন বলেন, যে মসজিদের সভাপতি জেলা প্রশাসক, সেখানে এমন হামলার ঘটনা মেনে নেওয়া যায় না।
শুনেছি পাগলা মসজিদের প্রতিদিনের নিলামে সিন্ডিকেট তৈরি করে লাখ লাখ টাকা লুটে নেওয়া হচ্ছে। সেই অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এ হামলার ঘটনা ঘটেছে। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সিন্ডিকেট ভেঙে দিতে হবে।
মানববন্ধনে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নূর মোহাম্মদ বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর যে হামলা চালানো হয়েছে তা ন্যাক্কারজনক। এমন ঘটনা মুক্ত গণমাধ্যমের জন্য হুমকি এবং গোটা জাতির জন্য অশনিসংকেত। আমরা চাই দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নাসিম খান বলেন, সাংবাদিকদের ওপর এ হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপ চাই না।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাষ্ট্রের কাছে আমাদের আহ্বান সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি হামলার ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের অনতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কামাল ভূঞা বলেন, হামলার ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় জড়িত জীবন ও মনা নামে দুজনকে আটক করা হয়েছে। বাকি অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করা হবে।


