কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের অসহায় বিধবা রাবেয়া বেওয়ার জন্য উপজেলা প্রশাসন একটি নতুন বসতঘর নির্মাণ করেছে। দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন তিনি। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর দ্রুত উদ্যোগ নেওয়া হয়। প্রশাসনের সার্বিক সহযোগিতায় রাবেয়া বেওয়ার জন্য একটি নিরাপদ ও টেকসই ঘর নির্মাণ করা হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে হাতিয়া বাজারসংলগ্ন এলাকায় নবনির্মিত ঘরটি আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হয়। নতুন ঘর পেয়ে রাবেয়া বেওয়া আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এখন অন্তত মাথা গোঁজার একটা নিরাপদ ঠাঁই পেলাম।
এ সময় উপস্থিত ছিলেন উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার ফিজানুর রহমান এবং স্থানীয় সাংবাদিকরা।
ঘর নির্মাণের পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাবেয়া বেওয়ার হাতে এক মাসের শুকনো খাদ্যসামগ্রীও তুলে দেওয়া হয়। সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, চিনি, আয়োডিনযুক্ত লবণ, ভোজ্যতেল, ছোলা বুটসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রশাসনের দায়িত্ব। শুধু সাময়িক সহায়তা নয়, তাদের স্থায়ী পুনর্বাসনের দিকে আমরা গুরুত্ব দিচ্ছি। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


