ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কুষ্টিয়ায় নির্বাচন অফিসে আগুন

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ১২:৫৬ পিএম
ভবনের পেছনের জানালার কাচ ভেঙে ভেতরে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি- সংগৃহীত

কুষ্টিয়া সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে অফিস ভবনের পেছনের জানালার কাচ ভেঙে ভেতরে অগ্নিসংযোগ করা হয়।

খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসক ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনার পর সকাল ১০টার দিকে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে তিনি এক জরুরি বৈঠকে বসেন।

নির্বাচন অফিসের নিরাপত্তারক্ষী রাজ্জাক গণমাধ্যমকে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আমি তখন দুতলায় ছিলাম। ধোঁয়ার গন্ধ পেয়ে নিচে নেমে আগুন দেখতে পাই। পরে তাৎক্ষণিকভাবে পাশে থাকা পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলি।

জেলা নির্বাচন অফিসের হিসাবরক্ষক মো. আসাদুজ্জামান বলেন, যে কক্ষে আগুন দেওয়া হয়েছে, সেটা সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোর রুম। এখানে ভোটারদের সব তথ্য জমা রাখা হয়।

কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। জেলা প্রশাসকও দেখেছেন। এখানে স্টোর রুমে একটা আগুনের ঘটনা ঘটছে। কীভাবে আগুন লেগেছে কিংবা কারা দিয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে।